নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে অনামিকা দাস (১৩) নামে এক চতুর্থ শ্রেণীর ছাত্রীর গেছে। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দূর্গাপুর গ্রামে গোসল করতে নেমে পানিতে তলিয়ে মারা যায় সে।
অনামিকা দাস উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের আবুল চন্দ্র দাসের মেয়ে ও সুরুজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্কুল ছাত্রী অনামিকা দাস পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি সোমবার বিকেলে নিশ্চিত করেছেন উপজেলার নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার জাহান কাওছার।
স্থানীয় লোকজন ও পরিবার সূত্রে জানা যায়, অনামিকা দাস প্রতিবেশী অন্যান্যদের শিশুদের সাথে বাড়ির সামনে পুকুরে গোসল করতে যায়। এরমধ্যে পানিতে ডুব দিয়ে তলিয়ে যায় সে। অন্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে পরিবারের লোকজন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থী মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।