গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের পুরোনো নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে কয়েকশ নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় নেতাকর্মীরা শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেন এবং মারধরের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে নামফলক ভাঙচুর করে সেখানে বিশ্ববিদ্যালয়ের আগের নামসংবলিত একটি ব্যানার টাঙিয়ে দেন।
ঘটনার সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছিলেন। নেতাকর্মীরা চলে যাওয়ার পর তারা বাইরে এসে প্রধান ফটকে অবস্থান নেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল প্রশাসনের প্রধান লক্ষ্য। তাদের কোনো ধরনের ক্ষতি যেন না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে ক্যাম্পাস থেকে ব্যানারটি অপসারণের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। বিষয়টি জাতীয় ইস্যু হওয়ায় প্রশাসনের পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।