শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানান।
বিজিবি সূত্রে জানা গেছে, ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর, জিরানী, আশুলিয়া ও জামগড়াসহ বিভিন্ন এলাকায় সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে আশুলিয়ায় সর্বোচ্চ ৯ প্লাটুন দায়িত্ব পালন করছে।
এ ছাড়া গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
অন্যদিকে নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর সেতু ও শিমরাইল এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।
এদিকে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।