স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, সচিবালয়ের কাছেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনার সঠিক বিবরণও স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না।
তিনি প্রশ্ন তোলেন, এটি স্বরাষ্ট্রমন্ত্রীর অযোগ্যতা, নাকি আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার সিদ্ধান্ত থেকেই তিনি পরিস্থিতি সম্পর্কে ইচ্ছাকৃতভাবে অবগত নন— তা জাতির সামনে স্পষ্ট করা প্রয়োজন। একই সঙ্গে তাকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান ডাকসু ভিপি।
এর আগে দেওয়া আরেকটি পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, সারা দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও অপতৎপরতা চললেও প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও পুলিশ রহস্যজনকভাবে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার দাবি, গত সোমবার সন্ধ্যা থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও শিক্ষার্থীদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেননি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর।
এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ উপাচার্য ও প্রক্টরের পদে থাকার নৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেন সাদিক কায়েম।