সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচে থেকেও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও তার দোসরদের বের করে আইনের মুখোমুখি করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলে জিএস পদে নির্বাচন করা শেখ তানভীর বারী হামিম।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
পোস্টে হামিম লেখেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এর কলকাতা নিষিদ্ধ পল্লীতে অবস্থানরত সাদ্দাম গং হয়তো ভুলে গেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ত্রাসী ছাত্রলীগের নিপীড়নের বিরুদ্ধে ছাত্রলীগ নিপীড়কদের ১৬ জুলাই কান ধরে উঠ-বস করিয়ে নাকে খত দিয়ে উত্তম-মাধ্যম দিয়ে এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছিল।’
হামিম আরও লেখেন, ‘জঙ্গি স্টাইলে ভিডিওবার্তা দেওয়া সাদ্দামকে বলি-এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। দুটি ককটেল ফুটিয়ে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে ভয় ধরানো যাবে না। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোমাদের জঙ্গীমাতা হাসিনাকে চোখে চোখ রেখে ফ্যাসিবাদ বলেছিল। সৎ সাহস থাকলে আমাদের মুখোমুখি হও।’
নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির উদ্দেশে হামিম লেখেন, ‘নির্লজ্জতার এমন উচ্চতায় গেছো যে মুখোমুখি হওয়ার কিংবা মুখ দেখানোর সৎ সাহসটুকু হারিয়েছো। মনে রাখবে-তুমি জঙ্গি স্টাইলে সন্ত্রাসবাদ চালালে, আমড়া মাটির ১০০ হাত নিচে থেকেও তোমাদের ও তোমাদের দোসরদের বের করে আইনের মুখোমুখি করবো।’