নিজের রাজনৈতিক আদর্শ হিসেবে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। একই সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীর দীর্ঘদিনের রাজনৈতিক জোটের ইতিহাস তুলে ধরে তাকে কটাক্ষ করার সমালোচনা করেছেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মাহমুদা মিতু।
পোস্টে তিনি লেখেন, ‘আমার মতো লক্ষ লক্ষ নারীর রাজনীতিতে আদর্শ বেগম খালেদা জিয়া। কিন্তু জিয়ার নব্য সৈনিকরা যেভাবে জামায়াতের সঙ্গে জোট এবং জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচন করা নিয়ে আমাকে কটাক্ষ ও গালাগালি শুরু করেছেন, বিশেষ করে কালকের ঘটনার পর থেকে, তারা কি বিএনপি-জামায়াতের ২৩ বছরের রাজনৈতিক ইতিহাস ভুলে গেছেন?’
মিতু উল্লেখ করেন, ১৯৯৯ সালে চারদলীয় জোট গঠনের মধ্য দিয়ে বিএনপি ও জামায়াতের রাজনৈতিক সম্পর্ক শুরু হয়। ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে জোট ভাঙার আগ পর্যন্ত দীর্ঘ ২৩ বছর দল দুটি একসঙ্গে রাজনৈতিক জোটে ছিল। ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তারা একসঙ্গে অংশ নেয়। এমনকি ২০০১ সালে সরকারও গঠন করে।
তিনি প্রশ্ন তোলেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে জামায়াত নেতাদের একই মঞ্চে বক্তব্য দেওয়া ও রাজনৈতিক কর্মকাণ্ডের ছবিগুলো কি সমালোচকদের মনে নেই? অথচ সব দোষ এখন তার ওপর চাপানো হচ্ছে।
ব্যক্তিগত আক্রমণের প্রতিবাদ জানিয়ে মিতু বলেন, যার যে দল ভালো লাগবে, তিনি সেই দল করবেন। কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তাকে কেন কটাক্ষ ও হয়রানির শিকার হতে হবে? বিএনপির কিছু নেতাকর্মী হোয়াটসঅ্যাপ ও ইনবক্সে তাকে বিরক্ত করছেন বলেও অভিযোগ করেন তিনি।
নির্বাচন-পরবর্তী সময়ে একই ধরনের ছবি ঘিরে তাকে অশ্লীল ও আপত্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল বলেও পোস্টে উল্লেখ করেন এনসিপির এই নেত্রী।