আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে নিখোঁজের একদিন পর কামরুজ্জামান মারুফ (২১) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার মতইন দক্ষিণপাড়া হাজী বাড়ি এলাকায় বাড়ির রাস্তার পশ্চিম পাশে ধানক্ষেতের কাছে একটি আমগাছের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কামরুজ্জামান মারুফ ওই এলাকার সিএনজি চালক মাহবুর রহমান রিপনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি মেজো।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে পরিবারের সঙ্গে রাগ-অভিমান করে নিজের মোবাইল ফোন ভেঙে মারুফ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
বুধবার রাত ৯টার দিকে মারুফের বাবা মাহবুর রহমান রিপন ব্যক্তিগত মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ির রাস্তার পশ্চিম পাশে ধানক্ষেতের দিকে যান। এ সময় তিনি ধানক্ষেতের পাশে একটি আমগাছে গামছার একাংশ প্যাঁচানো এবং গলায় ছেঁড়া গামছাসহ ছেলের মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ও স্থানীয় দোকানদাররা ঘটনাস্থলে ছুটে আসেন।
খবর পেয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী মিলন ঘটনাস্থলে যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সেনবাগ থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।