কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপকর্মের বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট যারা পালিয়ে গেছে, তাদের সংগঠন ১৭ বছরের অপকর্মের কারণে নিষিদ্ধ হয়েছে। তাদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই। বিচ্ছিন্নভাবে তারা কিছু অপকর্ম করার চেষ্টা করে। এ ব্যাপারে আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে।’
বিরোধী দলের কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকারে আসার পর মাত্র ছয় মাসের মধ্যে সব কাজ সম্পন্ন করা সম্ভব নয়। তাই কথায় কথায় মিছিল, সভা, লংমার্চ ও রোডমার্চের মতো কর্মসূচি দেওয়া কতটা যুক্তিসংগত, বিরোধী দলকে তা ভেবে দেখা উচিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন এবং মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।