রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।
নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি কেন এমন বক্তব্য দিয়েছেন, সেটি জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আমার কাছে মনে হয়, তাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা উচিত। তা না হলে তিনি এমন কথা কেন বলবেন? তবে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত বলতে পারবেন।’
এর আগে গত ২১ আগস্ট রাতে রাজধানীর নেভিগলিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা তো তিনটি দাবিতে রাজপথে আছি। আওয়ামী লীগকে বাংলাদেশে বাদ দেওয়া, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাইয়ের ঘটনার বিচার—এই দাবিগুলো সরকার মানছে না। দাবিগুলো মানলে তো ককটেল আর ফুটবে না ঢাকা শহরে।’
তার ওই বক্তব্যের পর সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোর প্রেক্ষাপটে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা জানাল ডিএমপি।