এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষার সময় কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) ডিএমপি এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করার নির্দেশনা দেয়।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে শুধুমাত্র পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরাই প্রবেশ করতে পারবেন; অন্যদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নির্দেশনা পরীক্ষা চলাকালীন প্রতিদিন কার্যকর থাকবে এবং পুরো পরীক্ষার সময়কাল পর্যন্ত তা বলবৎ থাকবে।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।