সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও জাতীয় সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে এর বিরোধিতা করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর চিন্তা করা অসঙ্গত ও অন্যায় হবে। বিরোধী দল এবং জামায়াতে ইসলামী এ ধরনের উদ্যোগ সমর্থন করবে না বলে জানান তিনি।
তিনি বলেন, সংসদ সদস্যরা অর্থ উপার্জনের জন্য সংসদে যাননি, বরং জনগণের প্রয়োজন ও দায়িত্ব পালনের জন্য সেখানে গেছেন। দেশের সাধারণ মানুষের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হলে ভবিষ্যতে এ ধরনের বিষয় বিবেচনা করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
দেশ বর্তমানে নানা অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, এমন সময়ে মন্ত্রী-এমপিদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নই ওঠে না।
সরকার এ ধরনের কোনো উদ্যোগ নিলে সংসদে ও রাজনৈতিকভাবে স্পষ্ট বিরোধিতা করা হবে বলেও জানান ডা. শফিকুর রহমান।