জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য ও আচরণের তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ‘শিক্ষকের ভূমিকা’ পালন করতে চাইছেন অভিযোগ করে তিনি বলেন, ‘শিক্ষকতা করতে হলে তিনি একটি ইউনিভার্সিটি খুলুন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসিনি।’
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে হট্টগোলের পর ফ্লোর নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণকে ‘পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম’ বা সংসদীয় ফ্যাসিবাদ বলে আখ্যা দেন তিনি।
নিজেকে কী মনে করেন, বুঝতে পারি না
বিরোধীদলীয় নেতা বলেন, সংসদ অধিবেশন শুরুর দিন থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। তিনি বলেন, ‘উনি নিজেকে কী মনে করেন, আমি বুঝতে পারি না। এমনকি তিনি এখানে দাঁড়িয়ে দুঃসাহস দেখিয়ে বলেছেন যে, এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন।’
তিনি বলেন, ‘আজকে সুস্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, এই পার্লামেন্টের সৌন্দর্য বিধানের জন্য উনাকে দুঃখ প্রকাশ করতে হবে এবং উনার বক্তব্য এক্সপাঞ্জ (বাদ দেওয়া) করতে হবে। তা না হলে অপমান নিয়ে আমাদের এখানে বসার কোনো প্রশ্নই ওঠে না।’
স্পিকারের বক্তব্যেরও প্রতিবাদ
বিরোধীদলীয় সদস্যদের হট্টগোলের মধ্যে স্পিকারের একটি মন্তব্যেরও প্রতিবাদ জানান ডা. শফিকুর রহমান। হট্টগোলের সময় স্পিকার বলেছিলেন, ‘আপনারা যে কয়জন আছেন, তার দ্বিগুণ-তিনগুণ এই পাশে (সরকারি দল) আছে।’
এর পরিপ্রেক্ষিতে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আপনার একটি কথায় সামান্য কষ্ট সৃষ্টি হয়েছে। আপনি কনক্লুশনে গিয়ে বললেন যে, এদিকের চেয়ে ওইদিকে তিনগুণ আছেন। এটা ভালো লাগলো না।’
তিনি আরও বলেন, ‘আমি এই সংসদকে কোনো সংখ্যা বা গুণে বিভক্ত করার পক্ষে নই। ভালো কাজে আমরা সবাই এক হবো, কিন্তু অন্যায় কিছু হলে প্রতিবাদ করবো।’