মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় হাজরাছড়া জোড়া ব্রিজ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে নতুন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, দুর্গম ও প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের নতুন ভবনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও সুন্দর ও নিরাপদ পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে। শিক্ষা খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, একটি এলাকার উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হলো শিক্ষা। শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রয়োজন। নতুন ভবনের ফলে এ এলাকার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন ভবন পাওয়ায় দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট অনেকটা কমবে এবং শিক্ষার্থীদের পাঠদানে আরও অনুকূল পরিবেশ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে দুর্গম এ এলাকার শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ আরও সম্প্রসারিত হবে।