জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, সরকারের এ সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর নতুন করে ব্যয়ের বোঝা চাপাবে এবং জনজীবনে দুর্ভোগ আরও বাড়াবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এমনিতেই সাধারণ মানুষ চাপে রয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এর মধ্যে একলাফে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হলে মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে।
তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব শুধু যানবাহনের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। কৃষি উৎপাদন, পণ্য পরিবহন, কলকারখানার উৎপাদন ব্যয় এবং ব্যবসা-বাণিজ্যের খরচও বেড়ে যাবে। এর প্রভাবে নিত্যপ্রয়োজনীয়সহ বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে, যার চূড়ান্ত চাপ পড়বে সাধারণ মানুষের ওপর।
জামায়াতের এই নেতা বলেন, জনগণের ক্রয়ক্ষমতা ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে অপচয়, অনিয়ম ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
গোলাম পরওয়ার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান।