জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, জুলাই বিপ্লবের চেতনার আলোকে রাষ্ট্র সংস্কারের পরিবর্তে বর্তমান সরকার পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি বলেন, যারা জুলাই বিপ্লবের সুফল পেয়েছেন, তারাও এখন জুলাই যোদ্ধাদের বঞ্চিত করছেন।
সোমবার (২৭ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত ‘জুলাই বিপ্লব: স্বাস্থ্য খাতের অবদান ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, জুলাই বিপ্লবের উদ্দেশ্য শুধু সরকার পরিবর্তন নয়; বরং রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন সমাজব্যবস্থা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। তাঁর দাবি, মৌলিক সাংবিধানিক সংস্কার ছাড়া রাষ্ট্রের ফ্যাসিবাদী চরিত্র দূর করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন হলে প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত হবে। তাঁর অভিযোগ, সেই কারণেই সরকার জুলাই সনদ বাস্তবায়নে আগ্রহ দেখাচ্ছে না। তিনি দাবি করেন, বর্তমান সংবিধান অপরিবর্তিত থাকলে ভবিষ্যতেও স্বৈরতান্ত্রিক শাসনের ঝুঁকি থেকে যাবে।
প্রশাসনে বদলি ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে গণভোট নিয়ে কোনো আপত্তি না থাকলেও এখন তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তাঁর অভিযোগ, সরকারদলীয় এক সংসদ সদস্য জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনা অপ্রয়োজনীয় বললেও সরকার তার বিরোধিতা করেনি। তিনি সতর্ক করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।
সেমিনারে রাষ্ট্রপতির পদত্যাগের প্রসঙ্গ তুলে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, বিএনপি রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করেছে। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত।
ন্যাশনাল ডক্টরস ফোরামের সহসভাপতি ডা. আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতের এমপি ডা. মো. মোসলেহ উদ্দিন ফরিদ, হাফেজ মো. রাশেদুল ইসলাম, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. এম.জি. ফারুক হোসেনসহ অন্যরা বক্তব্য দেন।