মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে চোরাই সিএনজি বিক্রির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি চোরাই সিএনজি জব্দ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে উপজেলার বালাশুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুন্সীগঞ্জের আলদী রাজারচর এলাকার সাজ্জাদ হোসেন শুভ (২০), ময়মনসিংহের হালুয়াঘাটের টেংরামারা ক্যাম্প এলাকার ইমরান (২০) এবং মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগান এলাকার সিয়াম হোসেন (১৯)।
পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে ওই তিনজন একটি সিএনজি নিয়ে বালাশুর বাজারের স্থানীয় বাসিন্দা ইয়াছিন মোল্লার (৪৫) কাছে যান। তাঁরা সিএনজিটি বিক্রি করে দেওয়ার জন্য ইয়াছিনের কাছে প্রস্তাব দেন। এ সময় ইয়াছিন সিএনজিটির কাগজপত্র দেখতে চাইলে তাঁরা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এতে তাঁর সন্দেহ হয়।
পরে বিষয়টি শ্রীনগর থানা পুলিশকে জানানো হলে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে সিএনজিসহ ওই তিনজনকে আটক করে। পরে সিএনজিটি জব্দ করা হয়।
শ্রীনগর থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের একটি পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।