মায়ের শেষকৃত্যে অংশ নিতে কারাবন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসন তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেয়।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের হাটহাজারীর মেখল পুণ্ডরিক ধামে চিন্ময় কৃষ্ণ দাসের মা শ্রীমতী সন্ধ্যা রাণী ধর (৭১) মারা যান। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া ও শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য চিন্ময় কৃষ্ণকে প্যারোলে মুক্তি দিতে চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন তার ভাই রঞ্জন কুমার ধর।
আবেদনে বলা হয়, মায়ের জীবনের শেষ সময়ে পাশে থাকতে পারেননি চিন্ময় কৃষ্ণ। তাই অন্তত শেষকৃত্যে তার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টির মানবিক ও ধর্মীয় গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় সময়ের জন্য তাকে প্যারোলে মুক্তি অথবা নিরাপত্তার ব্যবস্থাসহ শেষকৃত্যে উপস্থিত হওয়ার অনুমতি চাওয়া হয়।
আবেদনের সঙ্গে সন্ধ্যা রাণী ধরের মৃত্যুসনদ এবং আবেদনকারীর পরিচয়পত্রের ফটোকপিও জমা দেওয়া হয়।
পরে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যা রাণী ধর দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসের সংক্রমণ ও নিম্ন রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রায় এক মাস চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তাকে পুণ্ডরিক ধামে নেওয়া হয়।
পুণ্ডরিক ধাম সূত্র জানিয়েছে, ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে সেখানেই সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্য সম্পন্ন হবে।