প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীকে ইতোমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি যথাসময়ে ভারত সফর করবেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো রয়েছে। তিনি যথাসময়ে ভারত সফর করবেন। জনগণের সঙ্গে সম্পর্কের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় দুই দেশ একসঙ্গে কাজ করবে।’
বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।
তিনি বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে রাজনীতি এবং বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা চলতেই থাকবে।’
এদিনের বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। বিশেষ করে দূষণ নিয়ন্ত্রণ, পানি সংরক্ষণ, কার্বন ক্রেডিট ও প্রযুক্তি হস্তান্তরের মতো বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পেয়েছে বলে জানান পরিবেশমন্ত্রী।