বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ অভিনন্দন জানানো হয়।
তবে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেও জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন না হওয়ায় বিএনপির সমালোচনা করেছে এনসিপি। দলটির অভিযোগ, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তা মানা হয়নি।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি রাজনৈতিক পর্ষদের সদস্য ও মিডিয়া উপকমিটির প্রধান সারোয়ার তুষার বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে জুলাই সনদ উপেক্ষা করা হয়েছে। তার ভাষায়, এটি প্রতারণার শামিল।
এর আগে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন শুরুর আগে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয়করণ করছে। একইভাবে রাষ্ট্রপতি নির্বাচনেও দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতি নির্বাচিত করেছেন, যেখানে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করলে রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে হওয়ার কথা ছিল। কিন্তু তা করা হয়নি। ফলে বিএনপি কথায় এক ধরনের প্রতিশ্রুতি দিলেও কাজে তার প্রতিফলন ঘটায়নি বলে অভিযোগ করেন তিনি।