শান্তিতে নোবেলজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানায় এনসিপি।
বিবৃতিতে দলটি দাবি করে, ড. ইউনূসের বাসভবনে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী চলমান নাশকতা ও সহিংসতার ধারাবাহিকতার অংশ। দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ এবং গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলার পর এবার সাবেক প্রধান উপদেষ্টার বাড়িকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করে দলটি।
এনসিপি জানায়, একটি চিহ্নিত গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে অরাজকতা ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে মনে করে দলটি।
বিবৃতিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ দেশের সব নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে গোপনে ও প্রকাশ্যে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার যে অভিযোগ উঠেছে, তা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এনসিপি।
বিবৃতির শেষাংশে দলটি জানায়, দেশের শান্তিপ্রিয় জনগণকে সঙ্গে নিয়ে সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখবে এনসিপি। জনগণের সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।