আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো পদক্ষেপ না নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের রাজনৈতিক কৌশল ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম। তার দাবি, আওয়ামী লীগ সহিংসতার পথে এগিয়ে গিয়ে নিজেরাই সেই কৌশলের ফাঁদে আটকে গেছে।
রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
শফিকুল আলমের মতে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ড দলটির রাজনৈতিক অবস্থানকে আরও দুর্বল করেছে। গোপালগঞ্জে সহিংসতায় পাঁচজনের মৃত্যু, বাসে আগুন এবং পেট্রোলবোমা ও ককটেল হামলার ঘটনাও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বিরোধী দলগুলোর মধ্যে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে ওঠার ফলে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ আরও সীমিত হয়েছে।
শফিকুল আলমের আশঙ্কা, আওয়ামী লীগ সহিংসতা বাড়ানোর চেষ্টা করলে সাধারণ মানুষের কাছ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। এতে দলটির রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টাও বাধাগ্রস্ত হবে।
পোস্টে শেখ হাসিনার দেশে ফেরা, ভারতের অবস্থান এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক সম্পর্ক নিয়েও নিজের বিশ্লেষণ তুলে ধরেন তিনি।