মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভূঁইয়া পরিবহণের বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-০৫৯৩। বাসটি ঢাকার উত্তরা থেকে মোহাম্মদপুর রুটে চলাচল করত। এর মালিক স্থানীয় ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা আবু জাফর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটি ও চালক না থাকায় গত চার-পাঁচ দিন ধরে বাসটি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে রাখা ছিল। শনিবার গভীর রাতে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে আশপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শামীম জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। মসজিদের মাইকে প্রথমে বিদ্যুতের খুঁটিতে আগুন লাগার ঘোষণা শুনে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে একটি বাসে আগুন জ্বলতে দেখেন। পরে অন্যদের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানেন না তিনি।
মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দিন জানান, রাত ১২টা ১৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পান তারা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিসের দুটি দল স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসে আগুন জ্বলতে দেখে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের ফল অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন জানান, চলমান পরিস্থিতিতে জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে মামলা করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে জেলাজুড়ে পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানো হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।