গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি বিবেচনা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে জেলায় বিক্ষোভ মিছিলের চূড়ান্ত তারিখ নির্ধারণ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিষয়টি জানিয়েছেন দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য ও মিডিয়া বিভাগের প্রধান সারোয়ার তুষার।
পাঁচ দফা দাবি আদায়ে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে ধারাবাহিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি।
এরই মধ্যে ২৩ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির প্রাথমিক সময়সূচি প্রস্তুত করা হয়েছে। তবে ওই তালিকায় গোপালগঞ্জের নাম না থাকলেও পরবর্তী সময়ে সেখানে কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে দলটির।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জও রয়েছে। তবে জেলার বর্তমান পরিস্থিতি বিবেচনায় এখনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করা হয়নি।
তিনি জানান, ৫ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির সূচি নির্ধারণ করা হয়েছে। এরপর যেকোনো সময় গোপালগঞ্জে বিক্ষোভের তারিখ ঘোষণা করা হতে পারে। এ বিষয়ে দলীয় পর্যায়ে আরও আলোচনা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গোপালগঞ্জে কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে ২০২৫ সালের ১৬ জুলাইয়ের সহিংসতার ঘটনাও গুরুত্ব পাচ্ছে। ওই দিন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে গোপালগঞ্জে যান এনসিপির কেন্দ্রীয় নেতারা।
কর্মসূচির আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন নেতার ‘মার্চ টু গোপালগঞ্জ’ প্রচারকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশস্থলে হামলা, ভাঙচুর ও বোমাবাজির ঘটনা ঘটে।
সমাবেশ শেষে ফেরার পথে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরও হামলার শিকার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাপক তৎপরতা চালাতে হয়। একপর্যায়ে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। ওই দিনের সহিংসতায় চারজন নিহত হন।
এ ঘটনার পর গোপালগঞ্জে রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
পরবর্তী সময়ে ২০২৬ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আবারও গোপালগঞ্জে যাওয়ার পরিকল্পনা করে এনসিপি। ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচির প্রাথমিক তালিকায় ১৬ জুলাই গোপালগঞ্জ সফরের কথা থাকলেও পরে সংশোধিত সূচি থেকে জেলার নাম বাদ দেওয়া হয়।
তবে এবার গোপালগঞ্জকে কর্মসূচির বাইরে রাখতে চায় না দলটি। দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত অনুযায়ী গোপালগঞ্জেও কর্মসূচি পালনের প্রস্তুতি রয়েছে এনসিপির।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়গুলো পর্যালোচনা করে প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতেই কর্মসূচির চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে।