সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়ন—এই পাঁচ দাবিতে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলা ও ১৩টি মহানগরে এসব কর্মসূচি পালন করবে দলটি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, পাঁচ দফা দাবির ভিত্তিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।
তিনি বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠন হিসেবে বিচার করতে হবে। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন। এনসিপিও দীর্ঘদিন ধরে সংসদ ও রাজপথে দলটির বিচারের দাবি জানিয়ে আসছে। তবে বর্তমানে কয়েকজন ব্যক্তির বিচার হলেও তা ধীরগতিতে চলছে বলে অভিযোগ করেন তিনি।
জাতীয় ঐক্যের প্রসঙ্গে আখতার হোসেন বলেন, প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের কথা বলেছেন। তবে সেই ঐক্য কীসের ভিত্তিতে হবে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়া যেকোনো রাজনৈতিক দল, গোষ্ঠী ও প্ল্যাটফর্মের সঙ্গে ঐক্য গড়তে এনসিপি আগ্রহী।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, গোপালগঞ্জে থানায় হামলা, অস্ত্র লুট এবং দেশি অস্ত্র নিয়ে মহড়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ এবং গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় অগ্নিসন্ত্রাসের অভিযোগও তুলে ধরেন তিনি। এসব ঘটনার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেন এনসিপির এই নেতা।
সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারোয়ার তুষার, সালেহ উদ্দিন সিফাতসহ রাজনৈতিক পর্ষদের নেতারা উপস্থিত ছিলেন।
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে বৈঠকে যুক্ত হন। এ ছাড়া দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমও সভায় উপস্থিত ছিলেন।