দেশের তৈরি পোশাকশিল্পের কিছু এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, সরকার শ্রমিকবান্ধব নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত দ্বিতীয় বার্ষিক আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য গবেষণা সম্মেলনে এসব কথা বলেন মাহদী আমিন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিক, মালিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের ওপর সরকারের আস্থা রয়েছে। তারা যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এ প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা। শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন ঘটলে দেশের সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হবে।
সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের প্রসঙ্গ তুলে মাহদী আমিন বলেন, গত কয়েক দিনে পোশাকশিল্পের কিছু এলাকায় অস্থিরতা দেখা দিয়েছে। এসব ঘটনার পেছনে রাজনৈতিক উসকানি ও একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে সরকার সর্বোচ্চ ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে চায় বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সবার। পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতেই চলমান সংকটের সমাধান সম্ভব।
একই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ অভিযোগ করেন, তৈরি পোশাক খাতের সাম্প্রতিক অস্থিরতার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তার দাবি, পরিকল্পিতভাবে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।
তিনি বলেন, পোশাকশিল্পকে রক্ষার দায়িত্ব শুধু সরকার, মালিক কিংবা শ্রমিকদের নয়; বরং সংশ্লিষ্ট সবার। শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
চলতি অর্থবছরের বাজেটকে শ্রমিক ও পোশাকশিল্পবান্ধব উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, সরকার শ্রমিকদের কল্যাণ এবং শিল্পের বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও অভিযোগ করেন, যারা পোশাক খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, তারা দেশের অর্থনীতি ও নারীর ক্ষমতায়নকে বাধাগ্রস্ত করতে চায়। এমনকি বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্যও তাদের থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ এবং দেশের পোশাকশিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান শামা ওবায়েদ।