সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী নানা ও স্থানীয় একটি মাদ্রাসার নৈশপ্রহরী মজুমুদ্দিন সেলিমকে (৪৫) আটক করেছে পুলিশ। আনুষ্ঠানিক মামলা রুজু হওয়ার আগেই পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত মজুমুদ্দিন সেলিম শিশুটিকে মোবাইল ফোন দেখানোর প্রলোভন দেখিয়ে লালসা মেটায়। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে ঘটনাটি ঘটে যাওয়ার পর স্থানীয় মমিনপুর দাখিল মাদ্রাসার সুপার ইউনুস আলী বিষয়টি ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালান বলে অভিযোগ উঠেছে। তবে ঘটনার খবর পেয়েই পাটগ্রাম থানা পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। ওসি সাইফুল ইসলামের বিশেষ নজরদারি ও পরিচালনায় পুলিশি অভিযানে অভিযুক্ত সেলিমকে হেফাজতে নেওয়া হয়।
পাটগ্রাম থানার পুলিশ জানায়, আটক অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।