কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত ১১ সদস্য বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় হোমনায় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার বাসভবনে গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
এ সময় সংসদ সদস্য সেলিম ভূঁইয়ার হাতে ধানের শীষ তুলে দিয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হন তারা। যোগদানকারীরা সবাই নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।
বিএনপিতে যোগ দেওয়া ইউপি সদস্যরা হলেন—জিয়ারকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিল্লাল মোল্লা, ২ নম্বর ওয়ার্ডের হারুনুর রশিদ, ৩ নম্বর ওয়ার্ডের মো. আমীর হোসেন গাজী, ৪ নম্বর ওয়ার্ডের আশরাফ উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের খুরশিদ আলম, ৬ নম্বর ওয়ার্ডের শাহ আলী, ৭ নম্বর ওয়ার্ডের মো. জাবেদ হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের মুনসুর আলী এবং ৯ নম্বর ওয়ার্ডের হান্নান মিয়া।
এ ছাড়া সংরক্ষিত নারী সদস্যদের মধ্যে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের রিপা বেগম এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের রোজিনা আক্তার বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ওসমান গনি ভূঁইয়া, তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম মোল্লা এবং তিতাস উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম।
বিএনপিতে যোগ দেওয়ার পর ইউপি সদস্য মো. বিল্লাল মোল্লা নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি তুলে ধরেন। তিনি লেখেন, দূর থেকে অনেক সময় মানুষ নানা ধরনের নেতিবাচক ধারণা পোষণ করে। তবে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে কাছ থেকে দেখে তিনি ভালো মনের মানুষ হিসেবে মনে করেছেন।
বিল্লাল মোল্লা জানান, জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সব সদস্য সৌজন্য সাক্ষাৎ শেষে বিএনপির রাজনীতিতে যোগ দিয়েছেন।