মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় রিফাত সরদার (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার হাসাইল-বানারি ইউনিয়নের হাসাইল গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রিফাত সরদার ওই গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে। তিনি ঢাকার মতিঝিল জাপান ট্রেনিং সেন্টারে জাপান যাওয়ার প্রস্তুতি হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) ট্রেনিং সেন্টার বন্ধ থাকায় সকাল ১০টার দিকে রিফাত বাড়িতে আসেন। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান তিনি।
শনিবার সকাল ৮টার দিকে পরিবারের সদস্যরা নাস্তার জন্য তাকে ডাকেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে ঘরের টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় ঘরের আড়ার সঙ্গে সাদা কাপড় দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রিফাতকে ঝুলতে দেখা যায়।
পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে টংগিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পরিবারের ধারণা, শুক্রবার রাত ১০টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে কোনো একসময় রিফাত আত্মহত্যা করে থাকতে পারেন।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।