চাঁদপুরের কচুয়ায় ব্যতিক্রমী আয়োজনে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় তিনি মঞ্চে নির্ধারিত আসনে না বসে নেতাকর্মীদের সারিতে একটি সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসে তাদের বক্তব্য শোনেন।
শুক্রবার বিকেলে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে কচুয়া পৌরসভা ও ৭ নম্বর সদর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা নিজ নিজ এলাকার উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় সমস্যা এবং ব্যক্তিগত বিভিন্ন বিষয় তুলে ধরেন। মন্ত্রী মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় সংগঠনকে আরও শক্তিশালী করে। তাদের মতামত ও সমস্যার কথা শুনেই কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব।
মঞ্চে না উঠে নেতাকর্মীদের পাশে বসে আলোচনা করায় অনুষ্ঠানে আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত নেতাকর্মীরা জানান, মন্ত্রীর সঙ্গে সরাসরি নিজেদের কথা বলার সুযোগ পেয়ে তারা আনন্দিত। তাদের মতে, এ ধরনের উন্মুক্ত মতবিনিময় তৃণমূলের সঙ্গে নেতৃত্বের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদিন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাষ, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মো. শাহজালাল প্রধান, কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজীসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।