জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, ভারত সম্ভবত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর রাখতে আগ্রহী নয়।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ১১-দলীয় ঐক্যের আয়োজিত সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে যে আলোচনা চলছে, সেটিকে তিনি নির্ভরযোগ্য তথ্য বলে মনে করেন না। তার দাবি, প্রধানমন্ত্রীর চীন সফরকে ঘিরে সরকারকে একটি বার্তা দেওয়ার উদ্দেশ্যেই বিষয়টি সামনে আনা হয়েছে।
তিনি আরও দাবি করেন, এ ঘটনায় ভারত সরকারের সম্পৃক্ততা থাকতে পারে এবং ভারত সম্ভবত শেখ হাসিনাকে আর আশ্রয়ে রাখতে আগ্রহী নয়।
শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বাংলাদেশ সরকার ভারতকে অনুরোধ করে আসছে, যাতে তিনি সেখান থেকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারেন। বর্তমান সরকারও ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে একই বিষয় তুলে ধরেছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এরপরও যদি ভারত থেকে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যান, তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হতে পারে যে, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হচ্ছে।