স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন প্রজন্মকে শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও প্রযুক্তিনির্ভর কৃষি উদ্যোগে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন।
রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, দেশের কৃষিখাতে বিপুল সম্ভাবনা রয়েছে। তরুণরা এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠলে একদিকে যেমন নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারবে, অন্যদিকে নতুন কর্মসংস্থান সৃষ্টি করে জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
তিনি বলেন, কৃষিতে উচ্চশিক্ষা অর্জন মানেই সরকারি চাকরির দিকে ঝুঁকে পড়া নয়। কৃষিভিত্তিক ব্যবসা, শিল্প ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে হবে।
মির্জা ফখরুল বলেন, শিক্ষিত তরুণদের কর্মসংস্থান বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ। তাই শুধু ডিগ্রি অর্জন নয়, দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটিয়ে নতুন উদ্যোগ গ্রহণে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। একই সঙ্গে কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও উৎপাদনশীল খাতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও মাঠপর্যায়ের কৃষকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও গবেষণায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়তে নবীন শিক্ষার্থীরাও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।