মোঃআতেফ ভূঁইয়া,গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের পূবাইল থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোবারক হোসেন সরকার ওরফে ডিপজল (৫০) নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, পূবাইল থানার এসআই (নিরস্ত্র) মো. আল আমিন ও এএসআই (নিরস্ত্র) মো. গোলাম সারোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পূবাইল থানাধীন সমরসিং এলাকার হরেরাম চন্দ্র দাসের মুদি দোকানের সামনে পাকা সড়ক থেকে মোবারক হোসেন সরকার ওরফে ডিপজলকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি।
গ্রেপ্তার মোবারক হোসেন সরকার ওরফে ডিপজলের বাড়ি পূবাইল থানার ৪২ নম্বর ওয়ার্ডের বিন্দান (বড় বাড়ি) এলাকায়। তিনি মৃত জাফর আলী ও মৃত রুশিয়া বেগমের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূবাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।