মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদর ও টঙ্গীবাড়ী উপজেলার পদ্মা নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং জরুরি ভিত্তিতে জিও ব্যাগ বরাদ্দের দাবি জানিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো।
সম্প্রতি পাঠানো ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, পদ্মা নদীর অব্যাহত ভাঙনের কারণে টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল-বানারী, দিঘিরপাড় ও কামারখাড়া ইউনিয়ন এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়ন নদী তীরবর্তী এলাকাগুলোর বসতভিটা, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। এতে হাজারো মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।
চিঠিতে তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ভাঙনকবলিত এলাকায় দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, প্রয়োজনীয় জিও ব্যাগ বরাদ্দ এবং কার্যকর ভাঙন প্রতিরোধ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানান।
এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে পদ্মা নদীর ভাঙনের ঝুঁকি কমবে এবং মুন্সিগঞ্জ সদর ও টঙ্গীবাড়ী উপজেলার নদীতীরবর্তী এলাকার হাজারো মানুষের জীবন, বসতভিটা ও কৃষিজমি রক্ষা করা সম্ভব হবে বলে চিঠিতে উল্লেখ করেন সংসদ সদস্য মমতাজ আলো।