বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকি উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও পাহাড়ধসে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় শোক প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে রাষ্ট্রদূতের কাছে নেপালের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চান তিনি।
রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী সহানুভূতি প্রকাশের জন্য বিরোধীদলীয় নেতার প্রতি কৃতজ্ঞতা জানান। দুর্যোগের শুরু থেকেই ডা. শফিকুর রহমানের খোঁজখবর নেওয়া ও শোকবার্তা পাঠানোর বিষয়টি উল্লেখ করে তাকে ধন্যবাদ জানান তিনি।
এ সময় নেপালে চলমান উদ্ধার কার্যক্রম, দুর্গত মানুষের দুর্ভোগ এবং ভূমিধসে সৃষ্ট ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতির সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন রাষ্ট্রদূত।
ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, এই সংকটময় সময়ে জামায়াতে ইসলামী নেপালের পাশে থাকবে। দলটির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
সাক্ষাতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ উপস্থিত ছিলেন।