ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে এবং হরমুজ প্রণালি এখন তাদের নিয়ন্ত্রণে—এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ দাবি করেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভাষণে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়েনি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য তিনি আগের প্রশাসনগুলোর পরিবেশবান্ধব নীতিকে দায়ী করেন। একই সঙ্গে বর্তমান প্রশাসন খাদ্যসহ প্রায় সব ধরনের পণ্যের দাম দ্রুত কমিয়ে আনছে বলেও দাবি করেন তিনি।
তেলের দাম নিয়েও আশাবাদী ট্রাম্প। তার ভাষ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত হওয়ার পরপরই তেলের দাম কমে আসবে।
ট্রাম্প বলেন, ‘আমরা যুদ্ধে জিতব। আমরা জিতছি। হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে।’
ইরান ও ওমান উপসাগরের মধ্যবর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের নাম পরিবর্তনের প্রস্তাবও দেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালির নতুন নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখার কথা বলেন তিনি। এ নিয়ে কটাক্ষ করে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্ব নিশ্চয়ই এমন নামকরণে ‘খুব খুশি’ হবে।
ইরানকে দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে ‘দাদাগিরি করা দেশ’ হিসেবেও আখ্যা দেন ট্রাম্প। তার দাবি, গত ৫১ বছর ধরে দেশটি এমন ভূমিকা পালন করলেও এখন আর সেই অবস্থানে নেই।
তবে হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকার যে দাবি ট্রাম্প করেছেন, তার পক্ষে ভাষণে বিস্তারিত কোনো তথ্য বা প্রমাণ তুলে ধরেননি তিনি।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?