ফিফা বিশ্বকাপ ২০২৬কে সামনে রেখে প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ ঘটিয়েছেন টাঙ্গাইল মধুপুরে উপজেলা অরণখলা ইউনিয়নের জলছত্র হাওদা বিল এলাকার আর্জেন্টিনা ভক্তরা।
শনিবার (১৮ জুলাই) বিকেলে নিজেদের উদ্যোগে একটি ব্রিজকে আর্জেন্টিনার জাতীয় পতাকার সাদা ও আকাশি রঙে রাঙিয়ে তোলেন তারা।
স্থানীয় যুবক জয়, অংশু, শুভ, রাহুল, মোশারফসহ আরও কয়েকজন আর্জেন্টিনা সমর্থক স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে ব্রিজটিতে রঙ করেন। তাদের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় গ্রামবাসী ও আর্জেন্টিনা সমর্থকরা সেতুটির নাম দিয়েছেন ‘আর্জেন্টিনা সেতু’। রঙিন এই সেতুটি এখন পুরো এলাকায় নতুন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মধুপুরসহ আশপাশের বিভিন্ন উপজেলা এবং দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ব্রিজটি দেখতে আসছেন।
কেউ পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসছেন, কেউ সেলফি ও ছবি তুলছেন, আবার কেউ ভিডিও, টিকটক ও রিলস তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন।
স্থানীয়দের মতে, ব্রিজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আর্জেন্টিনা ব্রিজ’ নামে ব্যাপক পরিচিতি পেয়েছে। প্রিয় ফুটবলার লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা থেকেই তারা এই উদ্যোগ নিয়েছেন। বিশ্বকাপকে ঘিরে ব্রিজটি এখন আর্জেন্টিনা সমর্থকদের মিলনমেলায় পরিণত হয়েছে।
উদ্যোক্তারা জানান, খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দিতেই তাদের এই আয়োজন। ভবিষ্যতেও এমন ব্যতিক্রমী উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।