মোঃ তাজুল ইসলাম, (সুবর্ণচর) প্রতিনিধি;
বিশ্বজুড়ে কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা সেই বৈশ্বিক উৎসবের আমেজ আর উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলেও।
সোমবার (২২ জুন) বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে একটি বিশাল বর্ণাঢ্য হোন্ডা শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
প্রিয় দলের জার্সি পরিধান করে এবং আর্জেন্টিনার আকাশী-সাদা পতাকা উড়িয়ে শত শত সমর্থক এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।
আর্জেন্টাইন সমর্থকদের এই মেগা শোডাউনটি মোহাম্মদপুর ইউনিয়নের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ‘আক্তার মিয়ার হাট’ থেকে শুরু হয়। এরপর হোন্ডা বহরটি পুরো বাজার প্রদক্ষিণ শেষে আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক ও মোড় ঘুরে পুনরায় আক্তার মিয়ার হাটে এসে এক জমকালো মিলনমেলায় মিলিত হয়।
শোভাযাত্রা চলাকালীন সমর্থকদের স্লোগান এবং ভবাঁশির শব্দে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থকরা অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
স্থানীয় সমর্থকরা জানান, প্রতি বিশ্বকাপের মতোই এবারও প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং নিজেদের আনন্দ উপভোগ করার জন্যই তাঁরা এই শোডাউনের আয়োজন করেছেন। ফুটবলের এই মহোৎসবে সুবর্ণচরের আর্জেন্টিনা সমর্থকদের এমন স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খল উদ্যাপন স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত ও নজর কেড়েছে।
এই আয়োজন টি শুরু থেকে সফল করেছেন আর্জেন্টিনা ভক্ত মোঃ পলাশ, মাইন উদ্দীন, সহ আরো অনেকে।