মো:ফারুক আহমেদ (ঘাটাইল)
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৫ নং আনেহলা ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার ও মিসর ম্যাচ দেখা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির জেরে পূর্ণি (১৮) নামে এক নববধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র দুই মাস আগে সুব্রত বর্মনের সঙ্গে পূর্ণির বিয়ে হয়। মঙ্গলবার রাতে খেলা দেখা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মান-অভিমান ও তুমুল ঝগড়া তৈরি হয়। একপর্যায়ে স্ত্রীকে বাড়িতে রেখে স্বামী সুব্রত রাগ করে খেলা দেখতে বাইরে চলে যান।
পরে গভীর রাতে তিনি বাড়ি ফিরে স্ত্রীর কোনো সাড়া-শব্দ না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে সাড়া না মেলায় বাধ্য হয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করেন তিনি। এ সময় ঘরের ভেতর স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিয়ের মাত্র দুই মাসের মাথায় এমন মর্মান্তিক পরিণতিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।