ফুটবল বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের উন্মাদনার মধ্যেই পটুয়াখালীতে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর নিজের মাথা ন্যাড়া করিয়েছেন একজন আর্জেন্টিনা সমর্থক।
জানা গেছে, পটুয়াখালী শহরের বাসিন্দা কাজী রাফি সম্প্রতি ফেসবুক লাইভে ঘোষণা দেন, ব্রাজিল যদি হাইতির বিপক্ষে ম্যাচে জয়লাভ করে, তবে তিনি নিজের মাথা ন্যাড়া করবেন। তার এমন ঘোষণাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়।
ম্যাচে ব্রাজিল জয় লাভ করার পর শনিবার শহরের বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় যান। পরে তিনি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে শহরের ঝাউতলা এলাকায় আসেন। সেখানে উপস্থিত ব্রাজিল সমর্থকদের সামনেই তার মাথা ন্যাড়া করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। ফলে বিষয়টি আরও বেশি আলোচনায় আসে।
উপস্থিত ব্রাজিল সমর্থক আল আমিন হাওলাদার বলেন, “গতকাল ফেসবুক লাইভে রাফি বলেছিল, ব্রাজিল জিতলে সে মাথা ন্যাড়া করবে। আজ সে নিজের দেওয়া কথা রেখেছে।”
মাথা ন্যাড়া করার পর কাজী রাফি বলেন, “আমি ফেসবুক লাইভে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করব। ব্রাজিল জয় পেয়েছে, তাই আমি আমার কথা রেখেছি।”
স্থানীয়দের মতে, ফুটবলকে ঘিরে এমন ব্যতিক্রমী ঘটনা এলাকায় আনন্দ ও কৌতূহলের সৃষ্টি করেছে। প্রিয় দলকে কেন্দ্র করে সমর্থকদের বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা এবং খেলার প্রতি ভালোবাসার এক মজার উদাহরণ হয়ে উঠেছে এ ঘটনা।
হাসি-আনন্দের মাধ্যমে এভাবেই ফুটবল বিশ্বকাপ সকলে উপভোগ করবে এমনটাই সকলের প্রত্যাশা।