জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সংবিধান সংস্কার ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, সংবিধানের ব্যাখ্যা নিয়ে সরকারের বর্তমান অবস্থান পরস্পরবিরোধী।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, আগের দিন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছিলেন যে সংবিধান সংস্কার কমিটির বিধান সংবিধানে নেই। এর জবাবে তিনি বলেন, যদি সেটি সত্য হয়, তাহলে ২০২৬ সালের নির্বাচনও সংবিধানের বিধান অনুযায়ী হয়নি; কারণ সংবিধান অনুসারে নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে।
সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ‘সংবিধান অনুযায়ী আপনার থাকার কথা ছিল শিলংয়ে, প্রধানমন্ত্রীর থাকার কথা ছিল লন্ডনে, আর আপনার নেতাকর্মীদের থাকার কথা ছিল ধানক্ষেতে।’ তাঁর দাবি, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে প্রচলিত রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনের ফলেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যে নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা হয়েছে, সরকার এখন সেই জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিচ্ছে।