বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচলিত বিভিন্ন বিতর্কিত মন্তব্য শেয়ার করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তবে এসব মন্তব্য তার নিজের নয় বলে স্পষ্ট করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য তুলে ধরেন রাশেদ খাঁন।
পোস্টে গণঅভ্যুত্থানের সময়কার বিভিন্ন ঘটনা উল্লেখ করে হাসনাত আবদুল্লাহকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রচলিত কিছু মন্তব্য তুলে ধরা হয়। সেখানে ‘দুষ্ট লোকেরা’ তাকে ‘হাসিনার আবদুল্লাহ’ নামে অভিহিত করত বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ঘিরে বিভিন্ন মন্তব্য প্রচলিত ছিল বলেও পোস্টে দাবি করা হয়।
রাশেদ খাঁনের পোস্টে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক’ হিসেবে উল্লেখ করার পর সামাজিক মাধ্যমে তাকে নিয়েও নানা মন্তব্য ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে ‘দুষ্ট লোকেরা’ রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে শুরু করেছে বলেও পোস্টে উল্লেখ করা হয়।
তবে পোস্টের শেষাংশে রাশেদ খাঁন স্পষ্ট করে দেন, সেখানে উল্লেখ করা বক্তব্যগুলো তার নিজের নয়। তিনি লেখেন, ‘এগুলো সব দুষ্ট লোকের কথা। কোনোটাই আমার কথা নয়।’