সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। কর্মসূচি চলাকালে একটি যাত্রীবাহী বাস ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টার পর দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন ১৮ নম্বর রেলগেটে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা অবস্থান নিয়ে রেললাইন অবরোধ করেন। পরে সড়কেও বিক্ষোভ ছড়িয়ে পড়লে যান চলাচল ব্যাহত হয়।
শিক্ষার্থীদের দাবি, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া অযৌক্তিক। পাশাপাশি তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং চলমান পরীক্ষা স্থগিতের দাবি জানান।
অবরোধের ফলে ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
দুপুর পৌনে ২টার দিকে রাহী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ভাঙচুরের অভিযোগ করেন পরিবহন শ্রমিকরা। এর প্রতিবাদে তারা ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় আড়াআড়িভাবে বাস রেখে সড়ক অবরোধ করেন। একপর্যায়ে শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।