সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় মোটরসাইকেল নিয়ে সড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় তিন জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৮ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ বাজার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নুরপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে আলামিন (১৫), মগলিশপুর এলাকার সলিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) এবং আফসারাবাদ এলাকার সমশের উদ্দিনের ছেলে কাইয়ুম (২০)।
জানা যায়, দিনাজপুরগামী মালবাহী ট্রাকের সঙ্গে লোকাল রোড থেকে পাকা সড়কে উঠতে থাকা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মুহূর্তেই ধাতব শব্দের তীব্রতায় এলোমেলো হয়ে পড়ে কয়েকটি তরুণ জীবনের স্বপ্ন; মোটরসাইকেলটি ছিটকে পড়ে সড়কের ওপর।
ঘোড়াঘাট থানা পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে করে তিন যুবক আঞ্চলিক সড়ক থেকে রানীগঞ্জ বাজার বড় মসজিদের সামনে মহাসড়কে ওঠার চেষ্টা করছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন।
পরে পেছন থেকে আসা দিনাজপুরগামী মালবাহী ট্রাক তাদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে ঘোড়াঘাট (ওসমানপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। পাশাপাশি সড়ক পরিবহন আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।