সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা এক নারীসহ চারজনকে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
শনিবার (১১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আকিরাপুর দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, টহলরত সদস্যরা সীমান্ত দিয়ে এক নারীসহ চারজনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখেন। তাদের বাধা দিলে তারা আর দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি।
শূন্যরেখায় অবস্থানরত চারজনের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। পুরুষদের একজন প্রতিবন্ধী। তারা নিজেদের বাংলাদেশের নাগরিক বলে পরিচয় দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন খুলনা সদর উপজেলার দৌলতপুর কারিকারপাড়া এলাকার বাবুল মোল্লা (৫০), তার স্ত্রী মোছা. সুখী মোল্লা (৩৫), তাদের ছেলে মোহাম্মদ জিহাদ মোল্লা (১৫) এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচ কামনে গ্রামের গণি মোল্লা (৩৫)।
বিজিবির একটি সূত্র জানায়, প্রায় দুই বছর আগে একই পরিবারের তিন সদস্য ও অপর পরিবারের একজন কাজের সন্ধানে ভারতে যান। পরে বাংলাদেশে ফেরার সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন এবং সেখানে প্রায় দুই মাস কারাভোগ করেন।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।
দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, এটি পুশইনের ঘটনা নয়, বরং অবৈধ অনুপ্রবেশের চেষ্টা।