পটুয়াখালীর গলাচিপায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (১২ জুলাই) সকাল ১১টায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এবারের প্রতিপাদ্য ছিল— “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।”
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনার গুরুত্ব, মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চরমোন্তাজ ইউনিয়নের মো. ইলিয়াস মিয়া এবং গীতা পাঠ করেন পানপট্টি ইউনিয়নের এফডব্লিউভি সিথিলা রানী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন।
এতে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। শুভেচ্ছা বক্তব্য ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন গলাচিপা পৌরসভার মনিরা আক্তার, চর বিশ্বাস ইউনিয়নের কাকুলি আক্তার, চালিতাবুনিয়া ইউনিয়নের এফডব্লিউএ শাহজাদী আনজুমন আরা, গজালিয়া ইউনিয়নের রেশমা আরভীন, গোলখালী ইউনিয়নের সিন্ধ্যা রাণী, ডালিম আক্তার মালা, চিকনিকান্দি ইউনিয়নের এফপিআই মো. তাইফুল ইসলাম, আমখোলা ইউনিয়নের মো. সাইসুন শিকদার, এফডব্লিউভি ফেরদৌসি খাতুন ও সিথিলা রানী এবং স্যাকমো মো. ফিরোজ আহমেদ ও মো. আল-আমিন।
বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার গঠন, মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণ প্রজন্মকে সচেতন করে তোলার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম আরও জোরদার করতে হবে। একই সঙ্গে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পরিবার পরিকল্পনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠিটি আলোচনা সভার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়।