স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী। তিনি বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ এবং জনসেবামূলক বিভিন্ন খাতে জাইকার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোববার (৫ জুলাই) সচিবালয়ে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশ ও জাইকার চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার খাতের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করছে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে সরকার আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। জাইকার অভিজ্ঞতা, কারিগরি সহায়তা ও বিনিয়োগ বাংলাদেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, এনডিসি এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাইকার দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে এবং স্থানীয় সরকারসহ বিভিন্ন খাতে নতুন সহযোগিতার ক্ষেত্র সৃষ্টি করবে।