মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দিনগত রাত দুইটার দিকে উপজেলার জৈনাবাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিয়তপুরের জাজিরার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে মো. সোলেমান সিকদার (২২) ও কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়ার উদ্দিনের ছেলে কাওসার হোসেন (২৮)।
পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, চার বন্ধু সাজ্জাদ, আরিফ, সোলেমান সিকদার ও কাওসার দুইটি মোটরসাইকেল যোগে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেন।
তারা মোটরসাইকেলযোগে গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক কাওসার ও সোলেমানের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু কাওসার ও সোলেমান মারা যান।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।