সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে পেছন থেকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহতরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার নাছিরাবাদ এলাকার সেলিম সরকারের স্ত্রী সম্পা বেগম (৩৫) ও তার ৯ বছরের মেয়ে নুছাইফা।
শুক্রবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ঘোড়াঘাট ফিলিং স্টেশনের পাশে আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক সেলিম সরকার সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, সেলিম সরকার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে ঘোড়াঘাটের বাগানবাড়ী এলাকায় মেয়ের জামাইয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। ঘোড়াঘাট পৌরশহরের ইসলামপুর বাজার এলাকায় পৌঁছানোর আগেই গোবিন্দগঞ্জের দিক থেকে দিনাজপুরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন সম্পা বেগম ও তার মেয়ে নুছাইফা। এরপর ট্রাকটি তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। দায়ী ট্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।