মাহিনুর ইসলাম মাহিন,বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, রাষ্ট্র সংস্কারের প্রশ্নে কোনো আপস হবে না। জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, তাই যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, সংস্কার বাস্তবায়ন না করলে তার পরিণতিও হবে পতন।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ক্ষমতায় গিয়ে সংস্কার বাস্তবায়ন না করলে বিএনপি সরকারেরও পতন হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারও সংস্কারের মূল পথ থেকে সরে গিয়ে ভুল পথে হাঁটছে।
রোববার (২৮ জুন) সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের জেলা পরিষদ মিলনায়তনে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, সরকার নানা সফলতার কথা বলতে পারে, কিন্তু পথ ভুল হলে সেই সফলতা টেকসই হয় না। “রেলগাড়ি যদি বেলাইনে চলে, তাহলে কি গন্তব্যে পৌঁছাবে? সরকারও এখন সেই অবস্থায় রয়েছে।
রাষ্ট্র পরিচালনার শুরুতে সংস্কারের যে অঙ্গীকার ছিল, সরকার এখন সেখান থেকে সরে এসেছে। ফলে তাদের সব কর্মকাণ্ডই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে।”
তিনি বলেন, সরকার যদি আবার সংস্কারের পথে ফিরে আসে, তাহলে এনসিপি তা স্বাগত জানাবে। “বাংলাদেশে রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন হবেই। এ বিষয়ে কোনো আপস হবে না।”
বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “ক্ষমতায় গিয়ে যদি সংস্কার বাস্তবায়ন না করা হয়, তাহলে বিএনপি সরকারেরও পতন হবে। বিষয়টি তারেক রহমানকে বুঝতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা ১১ দল রাষ্ট্র সংস্কারের প্রশ্নে ঐক্যবদ্ধ। জনগণ গত নির্বাচনে সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সেই রায়ের বিরুদ্ধে গিয়ে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারবে না।”
বক্তব্যের শেষদিকে তিনি বলেন, “কেউ যতই বিরোধিতা করুক, বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত রাষ্ট্র সংস্কারই বাস্তবায়িত হবে।”
মতবিনিময় সভায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও ১১ দলীয় জোটের সদস্য সচিব ফয়সাল আহমদের সভাপতিত্বে এবং জামায়াতে ইসলামীর সদর ইউনিয়নের সেক্রেটারি জয়নাল আবেদীনের সঞ্চালনায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমির এমাদুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এম. এম. আতিকুর রহমান, উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি আব্দুল মোহাইমিন, জামায়াত নেতা খিজির আহমদ, এনসিপির নেতা প্রীতম দাসসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।