নূর আলম,দুর্গাপুর(নেত্রকোণা) প্রতিনিধি:
ঐতিহাসিক ২৮ জুন ১৯৭১ সালের রক্তাক্ত বিজয়পুর যুদ্ধ দিবস উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল ও শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৯৭১ সালের এই দিনে বিজয়পুর যুদ্ধে শহীদ হওয়া সকল বীর মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ কর্মসূচি পালিত হয়।
মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাশিদ মিয়ার সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাস। প্রধান আলোচক ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিছিল, দুর্গাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বিকাশ সরকার, শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি পলাশ সাহা,
দুর্গাপুর সাংবাদিক সমিতির আহ্বায়ক সজীম শাইন, দুর্গাপুর পর্যটন শিল্প উন্নয়ন সমবায় সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার এবং এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের ২৮ জুন সংঘটিত বিজয়পুর যুদ্ধের বীরত্বগাথা, ত্যাগ ও রক্তক্ষয়ী ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, বিজয়পুরের যুদ্ধ দুর্গাপুর তথা দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও রক্তাক্ত অধ্যায়। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে বিজয়পুর যুদ্ধে শহীদ হওয়া সকল বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।